গণযোগাযোগ অধিদপ্তরের নতুন ডিজি আব্দুর রহমান
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৭ ১৯:৫৯:১১
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা এস এম আব্দুর রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এস এম আব্দুর রহমান ২০তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা। তার সরকারি চাকরিজীবনের বড় একটি সময় কেটেছে তথ্য অধিদপ্তরে। দীর্ঘ কর্মজীবনে তিনি সিনিয়র তথ্য অফিসার, পরিচালক ও উপপ্রধান তথ্য অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে তাকে পরিচালক/উপপ্রধান তথ্য অফিসার/সিনিয়র সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়। তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের তালিকাতেও তাকে উপপ্রধান তথ্য অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে।
তথ্য অধিদপ্তরে দায়িত্ব পালনের সময় সরকারি তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যমে তথ্য সরবরাহ এবং বিভিন্ন সরকারি কার্যক্রমের প্রচার ও জনসংযোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে চলচ্চিত্র সার্টিফিকেশনসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্বে এস এম আব্দুর রহমানের সামনে রয়েছে সরকারের নীতি, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসচেতনতামূলক কর্মসূচি জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ। বিশেষ করে ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের সময়ে সরকারি গণযোগাযোগকে আধুনিক ও জনমুখী করার বিষয়টি তার দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
তথ্য অধিদপ্তর ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে দীর্ঘ অভিজ্ঞতার পর এবার গণযোগাযোগ অধিদপ্তরের নেতৃত্বে এস এম আব্দুর রহমানের নতুন অধ্যায় শুরু হলো।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














