ঢাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২৬ ১৫:৩৬:০৭


রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এমআরটি লাইন-১-এর জন্য ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণের জন্য বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিএইচ