১ হাজার ৩৬৬ কোটি টাকায় দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২৭ ১৩:৩৯:৩১


পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে মোট দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৬৬ কোটি ৮৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৬৬ কোটি ৮৭ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় সিঙ্গাপুরের মের্সাস গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এক কার্গো (১৪-১৫ এপ্রিল ২০২৫ সময়ের জন্য ১৫তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৭৫ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ১১২ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪.০৮ মার্কিন ডলার।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো (২৩-২৪ এপ্রিল ২০২৫ সময়ের জন্য ১৬) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৯১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ২৮৮ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪.৪২ মার্কিন ডলার।

সভায় এলএনজি ছাড়াও চাল ও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিএইচ