সিঙ্গাপুর থেকে আসবে আরও ৫০ হাজার টন চাল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৮ ১৩:১২:২২


সিঙ্গাপুর থেকে ২৫৪ কোটি টাকা ব্যয়ে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের দাম পড়বে ৫০ টাকা ৮১ পয়সা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরে সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে (প্যাকেজ-১১) ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

সিঙ্গাপুরের অ্যাগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে প্রতি মেট্রিক টন ৪১৬.৪৪ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২৫৪ কোটি ২ লাখ ৮৪ হাজার টাকা বা ২ কোটি ৮ লাখ ২২ হাজার ডলার। প্রতি কেজি চালের দাম পড়বে ৫০ টাকা ৮১ পয়সা।

এর আগে, গত ১১ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে ২৬৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার অনুমোদন দিয়েছিল সরকার। এছাড়া বিগত বৈঠকগুলোতে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও মিয়ানমার থেকেও কয়েক দফায় চাল আমদানির অনুমতি দিয়েছিল ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এম জি