জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে: মৎস্য উপদেষ্টা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-০৮ ১৮:৩৩:১১
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে এবং বিদেশে ইলিশ রফতানি করা যাবে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বরিশাল নগরীর বেলস পার্কে “জাটকা সংরক্ষণ সপ্তাহের“ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে কীর্তনখোলা নদীতে জাটকা সংরক্ষণে সচেতনতা আনতে এক নৌ-র্যালির নেতৃত্ব দেন। এ সময় মৎস্যজীবী ছাড়াও মৎস্য বিভাগ, মৎস্য বিজ্ঞানী, পুলিশ, জেলা ও বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরিদা আখতার বলেন, ইলিশের বাড়ি ভোলা, ইলিশের বিভাগ বরিশাল। বরিশাল বিভাগে মোট ইলিশের ৬৫.৮৮ ভাগ উৎপাদন হয়ে থাকে। ইলিশের মালিক আপনারা, আপনারা যদি নিশ্চিত করতে পারেন তাহলে জাটকাকে অবশ্যই ইলিশে পরিণত হতে দিতে হবে। আমরা শপথ নিই, জাটকা ধরব না। যেন জাল ফেললে ইলিশ ভরে ওঠে।
মৎস্য উপদেষ্টা বলেন, আমরা একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের জন্য ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাংক বাস্তবায়ন হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে রক্ষা পাবে।
সমাবেশে মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতাদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিষিদ্ধ বেহুন্দি ও পাইজালসহ অবৈধ জালের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ, সর্বাধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র চালু, দ্রুত মৎস্য ব্যাংক স্থাপন এবং বরিশালে মৎস্য অবতরণ কেন্দ্রের দ্রুত আধুনিকায়ন, মৎস্যজীবীদের জন্য বীমা ব্যবস্থা চালু, চাল বিতরণে অনিয়ম রোধ।
অতীতে জেলেদের তালিকা প্রণয়ন সঠিকভাবে হয়নি বলে উপদেষ্টাকে জানান বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। এ সময় তিনি জেলেদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার লক্ষ্যে ভাসমান স্বাস্থ্যকেন্দ্র ও নৌ অ্যাম্বুলেন্স দেওয়ার দাবি জানান।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস। আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার শরীফ উদ্দিন, মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ক্ষুদ্র ও মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত প্রমুখ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













