১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৯ ১৯:১৮:০৩


আগামী ১৭ এপ্রিল ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।

বুধবার (৯ এপ্রিল) ঢাকায় পাকিস্তান হাইকমিশন সূত্রে তা জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, আমনা বেলোচের এ সফর মূলত দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ বা ফরেন সেক্রেটারি লেভেল কনসালটেশনের অংশ হিসেবে হচ্ছে। এ সফর দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় ও বাণিজ্য সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।

অপর দিকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। প্রায় ১৫ বছরের বিরতিতে অনুষ্ঠেয় এই বৈঠকে দুই দেশের সব বিষয় নিয়ে আলোচনা হবে। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে সম্পর্কের নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসেই ঢাকা সফরে আসছেন। তিনি বলেন, তাদে সফর নিশ্চিত হয়েছে। কয়েক দিনের মধ্যেই তার সফরের তারিখ জানাবেন।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা করব।

ইসহাক দারের এই ঢাকা সফর হবে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

 বিএইচ