আজ আখেরি মোনাজাত

প্রকাশ: ২০১৭-০১-১৫ ১০:১২:৪৫


istemaতাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ রোববার অনুষ্ঠিত হবে।

টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশ্ব ইজতেমা ময়দানে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত তাবলিগ জামাতের শীর্ষ স্থানীয় মুরব্বি ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ করবেন বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মুরব্বি মাওলানা মো. গিয়াস উদ্দিন।

কনকনে শীত উপেক্ষা করে আখেরি মোনাজাতে শরিক হতে তাবলিগ জামাতের মুসল্লিরা ছাড়াও আশপাশের জেলার মুসল্লিরা গতকাল রাত থেকেই ইজতেমা ময়দানে আসছেন। আখেরি মোনাজাত উপলক্ষে বিশ্ব ইজতেমা ময়দানের আশপাশের মহাসড়ক-সড়কে (ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে ঢাকা র‌্যাডিসন হোটেল পর্যন্ত, টঙ্গী-কালীগঞ্জ স্টেশন রোড থেকে মীরেরবাজার পর্যন্ত, আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাইল সড়ক পর্যন্ত) গণপরিবহন চলাচল বন্ধ থাকায় ওই সব সড়ক দিয়ে রোববার ভোর থেকে মুসল্লিরা হেঁটে দলে দলে ইজতেমাস্থলে আসছেন। ময়দানের চারদিক দিয়েই ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন। কেউ ময়দানে গিয়ে নিজের এলাকা থেকে আসা তাবলিগ জামাতের সাথীদের সঙ্গে নির্দিষ্ট খিত্তায় গিয়ে অবস্থান নিচ্ছেন।

আবার অনেকেই ইজতেমা ময়দানের আশপাশ এলাকার সড়ক-মহাসড়কে হোগলাপাতার পাটি, পলিথিন, খবরের কাগজ বিছিয়ে অবস্থান নিচ্ছেন। মুসল্লিদের পদচারণায় বিসিক শিল্প নগরী টঙ্গী যেন পুণ্যভূমিতে পরিণত হয়েছে। আখেরি মোনাজাত শুরুর আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।

এ দিকে মোনাজাতে অংশ নিতে বিপুলসংখ্যক নারীও ইজতেমা মাঠের আশপাশের সড়কে, বাসা-বাড়ির ছাদে সকাল থেকেই অবস্থান নিয়েছেন।

ইজতেমার মোনাজাতে যোগ দিতে গোপালগঞ্জের বনগ্রাম এলাকার মুজিবুর রহমান, মো. খোকন মোল্লা ও মো. জাফর খান ইজতেমা ময়দানে এসেছেন। তারা জানান, আখেরি মোনাজাতে অংশ নিতে তারা তিনজন শনিবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে রওনা হন। পরে রাত ৯টার দিকে ময়দানে এসে পৌঁছান। রাতে তারা তাদের এলাকা থেকে আসা তাবলিগ জামাতের সাথীদের সঙ্গে রাত্রী যাপন করেন।

আরো এক মুসল্লির মৃত্যু : বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দেওয়া আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে।  তার নাম বেদন মিয়া (৬০)। তিনি ঢাকার সবুজবাগের কদমতলী এলাকার গফুর মিয়ার ছেলে। তিনি শনিবার সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইজতেমা মাঠের মুরব্বি আদম আলী এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে প্রথম পর্বে অংশ নেওয়া আট মুসল্লির মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, টঙ্গীর তুরাগতীরে গত শুক্রবার  শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে দেশের ১৭টি জেলার মুসল্লিরাসহ বিশ্বের প্রায় ৯২টি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। পরে চার দিন বিরতি দিয়ে আগামী ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। আর ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব।