ফ্যাসিবাদ নিজেই সবচেয়ে বড় অশুভ শক্তি: সংস্কৃতি উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-১৪ ১৪:২২:১৯


এবারের বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, আমরা কোনো ফ্যাসিস্ট রাজনীতির অংশ নই। ফ্যাসিবাদ নিজেই সবচেয়ে বড় অশুভ শক্তি। এ কারণেই আমরা কেবলমাত্র ফ্যাসিস্টের প্রতীকী মুখাবয়ব ব্যবহার করেছি।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফারুকী আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে দেশের সব জনগোষ্ঠীর ঐতিহ্যকে সম্মান জানানো হয়েছে—আকবর আমলের রীতি, সুলতানি যুগের ঐতিহ্যসহ নানা সাংস্কৃতিক উপাদান এতে প্রতিফলিত হয়েছে। তবে এখানে কোনো ধরনের দলীয় রাজনীতি নেই।

শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চারুকলার কিছু শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কিছু চাপিয়ে দেওয়া হয়নি। বরং আগে চাপিয়ে দেওয়া হয়েছিল। যশোরে যেভাবে এই শোভাযাত্রা শুরু হয়েছিল, পরে ঢাকায় এসে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে চালু হয়। এরপর এক সময় এটিকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে প্রচলিত করা হয়। এবার চারুকলা নিজস্ব ঐতিহ্যের জায়গা থেকে পুরনো নামেই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও যোগ করেন, আমরা দীর্ঘদিন ধরে এই উৎসবকে বাঙালির প্রাণের উৎসব হিসেবে পালন করে এসেছি। কিন্তু বাস্তবে এটি বাংলাদেশের সকল জনগোষ্ঠীর উৎসব। বাঙালি, চাকমা, মারমা, গারো—সবাই নববর্ষ উদযাপন করে। তাই এটি সবার উৎসব।

এম জি