নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত: আসিফ নজরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-১৬ ১৫:০৮:০৮
নির্বাচনের বিষয়ে উপদেষ্টারা যে যা-ই বলুন-না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। নির্বাচনের বিষয়ে যে উপদেষ্টাই যা বলুক না কেন প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন–এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার।
তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা কোনো অবস্থায়ই জুন অতিক্রম করা হবে না। কালক্ষেপণ করার সুযোগ নেই।
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রলম্বিত হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার বিচারে কোনো বিলম্ব হচ্ছে না। ভয়াবহ অপরাধ ঘটেছে, তার তদন্ত কার্যক্রম চলছে। প্রসিকিউশনকে সর্বোচ্চ সহযোগিতা করছে সরকার।
বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ঐকমত্য কমিশনের যেসব প্রস্তাব আছে, সেসব বিষয়ে বিএনপি অত্যন্ত পজিটিভ। তারা বলেছে দু-তিন দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে বসবে। অধিকাংশ সংস্কার প্রস্তাবের সঙ্গে তারা ঐকমত্য পোষণ করে। জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে।
জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














