সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৩ ১৭:৩৩:৫৩


দেশের জ্বালানির চাহিদা মেটাতে সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে মোট ব্যয় হবে ৫৮৪ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে নতুন ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২৬-২৭ জুন, ২০২৫ সময়ে ২৬তম) এলএনজি আমদানির প্রস্তাব নিয়ে আসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এই এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি এমএমবিটিইউ ১২.১৮ মার্কিন ডলার হিসেবে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৮৪ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা।

এর আগে ৭ মে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিঙ্গাপুরের ভিটল এশিয়া লিমিটেড থেকে ১ হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকায় দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়।

বিএইচ