সিরাজগঞ্জে খামারীকে হত্যা করে ৪ গরু লুট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৫-২১ ১১:৫০:২৮


সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর এলাকায় অস্থায়ী খামারে ডাকাতির ঘটনায় এক বৃদ্ধ খামারি নিহত হয়েছেন। বুধবার (২১ মে) রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে সংঘটিত এই ঘটনায় খামার থেকে চারটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায় ডাকাতরা।

নিহত খামারি খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে তারা মিয়া। চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে তিনি তার নাতি মোঃ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ঘরে ঢুকে প্রথমে  ইব্রাহিমকে বস্তাবন্দি এবং পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে চারটি গরু লুট করে তারা নৌকায় করে পালিয়ে যায়।

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, যেখানে ডাকাতি হয়েছে, সেটা নির্জন ও চর এলাকা। ডাকাতদের চিহ্নিত করা খুবই কঠিন কাজ। আমরা লাশ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে৷

এনজে