সাতক্ষীরা সীমান্তে ২৩ বাংলাদেশিকে পুশব্যাক করল বিএসএফ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৮ ০৯:৩৭:২০
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে মঙ্গলবার ভোরে ২৩ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ২২ জনের বাড়ি কুড়িগ্রাম ও ১ জনের বাড়ি ঝালকাটিতে।
কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার খালিশা সীমান্ত। এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের বিভিন্ন এলাকা থেকে ওই ২৩ জনকে আটক করে স্বরূপনগর এলাকায় রাখা হয়। পরে মঙ্গলবার ভোরে তাদের কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে বিএসএফ। এরপর তাদের কুশখালী বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
কুশখালী বিজিবির বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশব্যাক করা ২৩ জনকে আটক করেছে বিজিবি। আটকের পর তাদেরকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৭ জন নারী, ৭ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে।
জাবেদ হোসেন জানান, তারা হরিয়ানা রাজ্যে ইট ভাটায় কাজ করতেন। পুলিশ তাদেরকে ১৫ মে আটক করে নিয়ে আসে। পরে কুশখালী সীমান্ত এলাকায় একখানে ১০ দিন আটকে রেখে নির্যাতন চালিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএস সদস্যরা।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুর রহমান জানান, বিজিবি ২৩ জন বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশি নাগরিক হিসেবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে না। তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশের হেফাজতে রেখে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













