আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘সহনীয়’

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-০৬-০৪ ০৮:৫৯:১১


বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বিশ্বে বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। তবে টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে যথেষ্ট উন্নতি হয়েছে। আইকিউএয়ার সূচকে আজ বুধবার বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থানের উন্নতি হয়েছে অর্থাৎ সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। সকাল সাড়ে ৮টায় ৫৬ স্কোর নিয়ে তালিকায় ৫৬ নম্বরে ঢাকার অবস্থান।

তালিকায় শীর্ষে রয়েছে চিলির সান্তিয়াগো, যার স্কোর হচ্ছে ১৬১, অর্থাৎ এই শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি, ১৬০ স্কোরে এই শহরটির বাতাসের মানও অস্বাস্থ্যকর।

এ ছাড়া তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৭) ও চীনের সাংহাই (১৩৭) শহর। এই শহর দুটির বায়ুও অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে