দিনাজপুরে সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-০৭ ১২:৪৬:০০


দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তর রক্ষী বাহিনীর (বিএসএফ) ১০-১৫ জনের একদল নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।

রবিবার রাত ৯টার দিকে দাউদপুর সীমান্তের ২৮৯ মেইন পিলার এর ৪৬ নম্বর সাব সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে ১০-১৫ জনের একদল নারী-পুরুষকে সীমান্তে এনে জড়ো করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে বিজিবির সহায়তায় তাদের প্রতিহত করে। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে পুশইনে ব্যর্থ হলে ভোর রাতে তাদের ভারতে সরিয়ে নেয় বিএসএফ।

বিজিনি দাউদপুর বিজিবি বিওপি কমাণ্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমান জানান, সীমান্ত দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দলকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছিল বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। তারা সীমান্ত এলাকা থেকে মানুষজনকে ফেরত নিয়ে গেছে। এ ঘটনায় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সেই সঙ্গে তাদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে, পাশাপাশি গ্রাম বাসিও সতর্ক রয়েছে। কোনও অবস্থাতেই ভারত থেকে অবৈধভাবে কোনও মানুষকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।