চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০৪ ০৯:৪৫:১৭


আগামী সপ্তাহে মর্যাদপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা।

সফরকালে তিনি লন্ডনে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন।

লন্ডন সফরে ব্রিটিশ রাজপরিবারের আয়োজনে ড. ইউনূসকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হবে। এ সফরে আন্তর্জাতিক থিংক ট্যাংক চাটার্ম হাউজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে কর্মসূচি চূড়ান্ত ক‌রে‌ছে। এছাড়া বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তার মতবিনিময়ের কর্মসূচি রয়েছে, য‌দিও সেই কর্মসূচির তা‌রিখ এখ‌নও চূড়ান্ত হয়‌নি।

প্রধান উপদেষ্টা ১০ জুন রাতে লন্ডন পৌঁছাবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন। সফরের তৃতীয় দিনে (অ্যাওয়ার্ড গ্রহণের দিন) লন্ডনের বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে ড. ইউনূসের। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার আগামী বুধবার (১১ জুন) অথবা বৃহস্পতিবার (১২ জুন) বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ দেশটির কয়েকজন মন্ত্রীর সঙ্গেও প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথা রয়েছে। এই কর্মসূচিগুলো আগামী দু-একদিনের মধ্যে চূড়ান্ত হবে।

প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন ব‌লেন, ওনার (প্রধান উপদেষ্টা) সফর চূড়ান্ত হ‌য়ে‌ছে। কর্মসূচি নি‌য়ে কাজ চল‌ছে। বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভার তা‌রিখ ও স্থান নি‌য়ে কাজ চলমান। দু-এক‌দি‌নের মধ্যে সব চূড়ান্ত হ‌বে।

এনজে