বাজেটে সিএমএ’কে অডিট ক্ষমতা প্রদানের দাবি আইসিএমএবি’র

আপডেট: ২০২৫-০৬-১৭ ১৬:৫৮:২০


দেশের আর্থিক খাতের দুর্বলতা, অনিয়ম, অব্যবস্থাপনা দূরীকরণে ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টকে (সিএমএ) অডিট ক্ষমতা প্রদানের দাবি জানিয়েছে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)।

মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১ টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটরিয়ামে ’অডিট আওতা সম্প্রসারণে সংস্কার প্রস্তাব’ শীর্ষক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট বলেন, সিএমএ সদস্যদেরকে একক মালিকানা, পার্টনারশিপ, এনজিও, ট্রাস্ট, এসএমই ও অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আওতার বাইরে সেগুলো নিরীক্ষার অনুমতি দেওয়া আবশ্যক। যা এফআরসি বিধিমালার শিডিউল ১ এর (গ) তে বর্ণিত। অতএব, এনবিআর, জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা, দাতা সংস্থা এবং তহবিল নিরীক্ষা (যেমন: ডব্লিউপিপিএফ, গ্র্যাচুইটি) এর আওতাধীন নিরীক্ষা কাজগুলোও সিএমএদের জন্য উন্মুক্ত করা ও বাস্তবায়ন সময়ের দাবি বলে উল্লেখ করেন তিনি।

নিরীক্ষা জগতে একটি বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, দেশে বছরে প্রায় ৩ লাখ নিবন্ধিত প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন এবং আরো অনেক বেশি অনিবন্ধিত প্রতিষ্ঠানে নিরীক্ষার প্রয়োজন রয়েছে। দেশে মাত্র ৫০০ জন প্র্যাক্টিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ২০৯ টি ফার্ম রয়েছে। এত কম সংখ্যক জনবল দিয়ে পর্যাপ্ত নিরীক্ষা সেবা দেওয়া একেবারেই অবাস্তব।

তিনি আরও বলেন, এই ফার্মগুলো শুধু নিরীক্ষা নয়, বরং ট্যাক্স ও ভ্যাট পরামর্শসহ বিভিন্ন সেবাও দিয়ে থাকে। এত কম সংখ্যক ফার্ম এর মাধ্যমে জাতীয় প্রয়োজনে পর্যাপ্ত সেবা দিতে পারা এক প্রকার অসম্ভব।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সরকার ২০২৫-২০২৬ অর্থবছরের খসড়া বাজেটে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কর্তৃক সংজ্ঞায়িত প্রফেশনাল একাউন্টেন্ট (সিএ ও সিএমএ) দ্বারা লিমিটেড কোম্পানি ব্যাতীত সকল প্রতিষ্ঠান (এসএমই’সহ) নিরীক্ষা করানোর বিধান অর্ন্তভুক্ত করা হয়েছিল।

তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থন্বেষী মহলের প্ররোচনায় অর্থবিল হতে সিএমএ’কে বাদ দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থে এবং আর্থিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে সিএমএ’দেরকে সুযোগ দিয়ে সে বিধানটি পুনরায় বাজেটে অর্ন্তভুক্ত করার দাবি জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংস্থাটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, সাবেক প্রেসিডেন্ট মোঃ দেলোয়ার হোসেন, ভাইস-প্রেসিডেন্ট মোঃ কাউসার আলম, সেক্রেটারি হাসনাইন তৌফিক আহমেদ এবং কাউন্সিল সদস্য মোঃ আখতারুজ্জামান ও মোঃ জাহাঙ্গীর আলম।

বিএইচ