অবশেষে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-১৮ ১৩:১৭:০৫
অবশেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দিয়েছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের এ সংলাপ শুরু হয়।
এর আগে মঙ্গলবার (১৭ জুন) দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতে ইসলামীর কোনও প্রতিনিধি অংশগ্রহণ করেননি। এ নিয়ে দিনভর বিভিন্ন কানাঘুষা চলে। কোনও কোনও গণমাধ্যম এটিকে বয়কট বলে আখ্যায়িত করে। আবার সেখানে অংশগ্রহণকারী কয়েকটি রাজনৈতিক দলের নেতা একে লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতির কারণ বলে ইঙ্গিত করেন।
যদিও শেষ বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন বুধবার (আজ) জামায়াতের প্রতিনিধি সংলাপে যোগ দেবেন।
আজকের বৈঠকে দলটির তিন সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন– নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
আজ জাতীয় সাংবিধানিক কাউন্সিল-এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ শেষ করতে চান বলে জানান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














