‘২০২৫ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-১৮ ১৭:০০:৫৭
২০২৫ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (১৮ জুন) বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের শ্রম খাতের উন্নতি নিয়ে আইএলও কনফারেন্সে সবাই সন্তুষ্টি জানিয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে শিশু শ্রমের সংজ্ঞা নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। ২০২৫ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার।
সাখাওয়াত হোসেন বলেন, সরকার শ্রমিকদের ঠিকমতো বেতন-ভাতা নিশ্চিত করার চেষ্টা করছে। নিবন্ধনহীন কোনো কন্সট্রাকশন কোম্পানির সঙ্গে কাজ করবে না শ্রম এবং নৌ মন্ত্রণালয়। শ্রম আইন অনুযায়ী যারা চলবেন না তারা ব্যবসা করতে পারবেন না। নভেম্বরের আগেই সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করতে কাজ চলছে।
তিনি বলেন, এক বছরের জন্য আসপাকের কোঅর্ডিনেটর হয়েছে বাংলাদেশ। সদস্য দেশগুলো নিয়ে বাংলাদেশে সম্মেলন করা হবে এ বছরে। ২৪ জুন গ্রিন ফ্যাক্টরি এওয়ার্ড দেয়া হবে। ১৭টি ক্যাটাগরিতে ৩০টি প্রতিষ্ঠান পুরস্কার পাবে।
তিনি আরও বলেন, ঈদে নৌপথে বড় ধরনের সমস্যা ছিলো না। দেশে ফেরি, সি ট্রাকের সংকট আছে। আগস্টের মধ্যে ফের স্টিমার চলাচল শুরু হবে। প্রথমে একটি দিয়ে শুরু হচ্ছে। এটি স্মৃতি সংরক্ষণের একটি চেষ্টা।
এর আগে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ওয়ালটন এবং বিএসআরএমের চেক গ্রহণ করেন উপদেষ্টা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














