ডিএসসিসিতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে, বসে থাকার সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-১৯ ১৬:৫৮:২৮


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে, তাতে এখন আর বসে থাকার সুযোগ নেই। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন’ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

ডিএসসিসির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তার অনুসারীরা। যদিও সরকার থেকে বলা হচ্ছে, এখন সেই সুযোগ নেই। তারপরও চলছে আন্দোলন। ইশরাক হোসেন এসব কর্মসূচিতে অংশ নিয়ে বলছেন, আন্দোলন চলবে, তবে তাদের তত্ত্বাবধানে নাগরিক সেবা চালু থাকবে।

এদিকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে একটু সমস্যা চলছে। আমরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন। সেখানে নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে, এখন আর বসে থাকার সুযোগ নেই। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি, যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা।

নগর ভবন একজন স্বঘোষিত মেয়রের দখলে, নাগরিক সেবা বন্ধ। সরকার নতজানু হয়ে আছে। সরকার সমস্যা সমাধান করছে না, তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে না; এ সংক্রান্ত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার কনসার্ন আছে। এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এই সরকার গুড কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকে। একই সঙ্গে আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।

তিনি আরও বলেন, আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের (অচলাবস্থা) দিকে যাচ্ছে, আর চুপ থাকার মত পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায় এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে, আমি সেটাই বাস্তবায়ন করবো।

কতদিনে সিদ্ধান্ত হবে হবে- জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে।

এম জি