সৌদিতে হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২১ ১১:০৭:৫০


সৌদি আরবে চলতি বছর পবিত্র হজপালনে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে হজে গিয়ে এখন পর্যন্ত ৩৮ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ গতকাল শুক্রবার (২১ জুন) মৃত্যুবরণ করেন নাটোরের সিংড়ার মোছা. ফিরোজা বেগম (৬৩) ও সিরাজগঞ্জের রায়গঞ্জের মোছা. ফাতেমা খাতুন (৪৪)। তাদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১১ জন।

এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন ও আরাফায় ১ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪০ হাজার ৫২০ হাজি দেশে ফিরেছেন। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।

এবার চাঁদ দেখা সাপেক্ষে গত ৫ জুন হজ অনুষ্ঠিত হয়েছে।

এনজে