নুরুল হুদার সঙ্গে যা ঘটেছে তা অবমাননাকর ও লাঞ্ছনাকর : সালাহউদ্দিন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৩ ১৫:১৬:২০


বিএনপি ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে এ কথা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সাথে যে ঘটনা ঘটেছে তা অবমাননাকর এবং লাঞ্ছনাকর ব্যবহার করা হয়েছে। দল তা সমর্থন করে না।

সোমবার (২৩ জুন) সময় টিভির সাথে টেলিফোনে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক সিইসির সাথে এমন ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রোববার (২২ জুন) রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে। এসময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এর আগে সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। উত্তরা-পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

একইদিন রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানানো হয় শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। ওই মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান মামলাটি করেন। মামলায় সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়। পরে সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম বলেন, কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিলেন। আমরা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নিই।

নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্র জানায়, মামলায় ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে এ মামলায়।

বিএইচ