বেইজিংয়ে লি হংঝংয়ের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৩ ১৯:৪৮:৫৯
চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
সোমবার (২৩ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে ‘গ্রেট হলে’ বিকেল ৪টা থেকে দেড় ঘণ্টা এই বৈঠক হয়।
এই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।
দেড় ঘণ্টার এই বৈঠকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক এবং চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও কিভাবে দৃঢ় করা যায়, দক্ষিণ এশীয় অঞ্চলের ভূ-রাজনীতি প্রভৃতি বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।
চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের একজন সদস্য জানান, বৈঠকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন, বিএনপি মহাসচিবের মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয়।
লি হংঝং চীনের কমিউনিস্ট পার্টির ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্টান্ডিং কমিটির যে ক’জন ভাইস চেয়ারম্যান আছেন তাদের মধ্যে সর্ব শীর্ষে আছেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপস’। এটি চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের সদর দফতরও।
বিকেল ৪টায় গ্রেট হলে এসে পৌঁছালে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তারা।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ‘এয়ার চায়না’র ফ্লাইটে বেইজিং পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। এরপর তারা দুপুর ২টা থেকে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
বিএনপির প্রতিনিধি দলটি রাতে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনও পরিদর্শন করার কর্মসূচি রয়েছে।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৫ দিনের সফরে বিএনপি মহাসচিব ৯ সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যান।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














