কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য ফল পাঠাল বিএনপি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৫ ১৮:৩৩:১৯


কাতারের আমির ও দেশটির প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের মৌসুমি ফল পাঠানো হয়েছে।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে দোহায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপহারের এ ফল পৌঁছে দেওয়া হয়। উপহারের ফল হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এনামুল হক চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল, যিনি মন্ত্রণালয়ের একজন প্রটোকল কর্মকর্তা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির উদ্দেশে এ উপহার পাঠানো হয়েছে। বিশেষত খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য কাতারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সৌজন্যমূলক এ উপহার পাঠানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, উপহারের এ মৌসুমি ফল বাংলাদেশ থেকে গত সোমবার পাঠানো হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ ফল পাঠানোর সার্বিক দায়িত্বে ছিলেন বিএনপির ময়মনসিংহের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

 বিএইচ