সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৭ ১৫:১৫:৫৫
আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ঢাকা মহানগর হাকিম আদালতে এই আবেদন জমা দেন। আজ চার দিনের রিমান্ড শেষে নূরুল হুদাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
গত রোববার বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান রাজধানীর শেরে বাংলা নগর থানায় এই মামলা করেন। মামলায় সাবেক তিন নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, এ কে এম শহীদুল হকসহ আরও অনেকে।
মামলা দায়েরের পর রোববার রাতেই কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোমবার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে একই মামলায় আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গতকাল বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তার বিরুদ্ধেও পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













