হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন হাজি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৮ ১০:৪৭:৪১


চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন বাংলাদেশি হাজি। শনিবার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১ জন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ২৪ হাজার ৯৭২ জন, সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

এ পর্যন্ত ১৪৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৬ ও সৌদি এয়ারলাইন্স ৬০টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।

ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

এনজে