মব কালচারথেকে জাতিকে মুক্ত করতে হবে: রিজভী

আপডেট: ২০২৫-০৬-২৮ ১৫:১২:৫১


নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ জুন) দুপুরে ’২৪- এর গণ-অভ্যুত্থান ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারে সমালোচনা করে রিজভী বলেন, সামাজিক ও অর্থনৈতিক সংকটসহ মব কালচারের মতো ঘটনা থেকে পুরো জাতিকে মুক্ত করতে হবে সরকারকে। বিগত ফ্যাসিবাদী সরকারের মতো নয়, আগামী দিনে জনপ্রতিনিধি যারা থাকবেন তাদের প্রতিটি পদক্ষেপে জবাবদিহি করতে হবে।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। প্রতিশ্রুত সময়ে সরকার নির্বাচনের ব্যবস্থা করবে বলে প্রত্যাশা করি।

অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক খাতে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে। বিনিয়োগ না হলে তা হবে দুঃখজনক। তাই অর্থনৈতিক খাতে মনোযোগ দিতে হবে।

এছাড়াও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ও নিহত সব পরিবারের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিএইচ