নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দিয়েছে কানাডা: আমীর খসরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৯ ১৮:০৭:৩৮
নির্বাচন প্রক্রিয়ায় কানাডা সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৯ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এ কথা জানান তিনি।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের আমীর খসরু বলেন, অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী কানাডায় পড়াশোনা করে। তাদের মাধ্যমে একটি আন্তর্জাতিক সংযোগ গড়ে তোলা যায়। কর্মসংস্থান ও অর্থনীতির অগ্রগতিতে কানাডা কীভাবে ভূমিকা রাখতে পারে, সেসব নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাত নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিতে চাই। আমাদের স্বাস্থ্যব্যবস্থা হবে প্রাইমারি হেলথ কেয়ার–ভিত্তিক।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে আমীর খসরু বলেন, এই সম্পর্ক পরস্পরের প্রতি সম্মানের ভিত্তিতে এগিয়ে যেতে হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














