সংস্কারের কথা বিএনপিই সবার আগে বলেছে: মির্জা ফখরুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০১ ২০:১৯:০৮


সংস্কারের কথা বিএনপিই সবার আগে বলেছে, অথচ বিএনপি সংস্কার মানছে না বলে সুচতুরভাবে প্রচারণা চালানো হচ্ছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দেখে মন্তব্য করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ‍্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি পরিবর্তনে বিশ্বাস করে বলেই বহু আগেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা দিয়েছিল। সংস্কারের কথা তো বিএনপিই বলেছিল, অথচ এখন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বিএনপি সংস্কার মানছে না। শুধু বিএনপিকে দোষারোপ করা ঐক্যের জন্য সহায়ক নয়।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে কোনো আপস নেই বিএনপির। এমনকি ‘জুলাই সনদ’-এর প্রস্তাব আগেই দিয়েছে বিএনপি, এখন সরকারের দায়িত্ব সেটা সামনে নিয়ে আসা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই।

এম জি