ভোলায় নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০২ ১৭:০৬:৫৯
ভোলায় নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে দুষ্কৃতকারীরা। ভোলায় নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত এ ধরণের বর্বরোচিত ও পশুর চেয়েও হিংস্রতায় গোটা দেশের মানুষ হতভম্ব। নারীর ওপর ধারাবাহিক এ ধরণের পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দেশের নারী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের কোন বিকল্প নেই।
আওয়ামী দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় বলেই নারীর ওপর এ ধরণের বর্বর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ভোলায় নারীকে ধর্ষণের সাথে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।
এছাড়া, ঢাকা জেলাধীন দোহার উপজেলার অন্তর্গত নয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হারুন মাস্টারকে ফজরের নামাজের পর দুর্বৃত্তরা নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এই অমানবিক, লোমহর্ষক, পৈশাচিক, ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, “ঢাকা জেলাধীন দোহার উপজেলার অন্তর্গত নয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হারুন মাস্টারকে ফজরের নামাজের পর দুস্কৃতিকারিদের কর্তৃক গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রমাণ হয় যে, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর’রা এখনও দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আর এ কারণেই জনগণসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যা করা হচ্ছে। হারুন মাস্টারকে সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা গুলি করে নির্মমভাকে হত্যা করার ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে, এর কোন বিকল্প নেই।
তিনি বলেন, সন্ত্রাসীদের দমণে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পন্থা অবলম্বন করতে হবে। নইলে সন্ত্রাসীদের দাপটে দেশ আবারো অস্থিতিশীল হয়ে পড়বে। বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। আর তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














