হাতপাখার সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ: ফারুক
আপডেট: ২০২৫-০৭-০২ ২০:০৯:২৮
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীকের সমাবেশ বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের প্রমাণ।
বুধবার (২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, “তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু ঠিক সেই সময়ই ঢাকায় এই ধরনের মিটিং আয়োজন করা এবং সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন না করার মতো বক্তব্য আসা ষড়যন্ত্রের অংশ।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ফারুক বলেন, “আপনারা ১০-১১ মাস পার করেছেন, এখন সময় ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার। অনুগ্রহ করে সেই নির্বাচনের তারিখ নির্ধারণ করুন। দেশের মানুষ শান্তি চায়, একটি নির্বাচিত সরকার দরকার, যাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার সঠিকভাবে কাজ করতে পারে।”
সভায় সভাপতিত্ব করেন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন। আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














