শনিবার থেকে টানা ৪ দিন বৃষ্টির সম্ভাবনা

আপডেট: ২০২৫-০৭-০৩ ১৩:৩৭:২৪


দেশের অধিকাংশ এলাকায় আগামী শনিবার (৫ জুলাই) থেকে বৃষ্টি হতে পারে। যা টানা চারদিন মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (৩ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বর্ষাকালে প্রতিদিন দেশে কোথাও না কোথাও বৃষ্টি হয়। তবে ৫ জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

এনজে