দলের নামে ভূঁইফোড় সংগঠন প্রসঙ্গে সতর্ক করল বিএনপি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৬ ১৪:৫৯:০২
১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের বাহিরে গড়ে ওঠা ভূঁইফোড় সংগঠনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বিএনপি।
রোববার (৫ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তৎ অধীন অনুমোদিত ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যতীত অন্য কোন অনুমোদিত সংগঠন নাই। সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জাতীয়তাবাদী নাম ব্যবহার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নাম সর্বস্ব সংগঠন ও পদ পদবী ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। উক্তরূপ বহু অভিযোগ জেলা বিএনপির অবগত ও দৃষ্টি গোচর হয়েছে।
এতে বলা হয়, এই মর্মে সকলকে সতর্ক করা যাচ্ছে বিএনপি এবং অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত, অন্যকোন নাম বা জাতীয়তাবাদী ও জিয়া পরিবারের নাম/ছবি ব্যবহার করে সকল ধরণের প্রচার প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল।
এছাড়া, নাম সর্বস্ব ভূঁইফোড় সংগঠন সমূহ সম্পূর্ণ অ-অনুমোদিত এবং অবৈধ উল্লেখ করে এ সকল কর্মকান্ডের ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সকল সংগঠন ও উক্তরূপ নামে সংগঠিত কোন কর্মের দায়ভার বিএনপি ও তদ অঙ্গ সংগঠন গ্রহণ করবে না।
এ ধরনের যে কোন অনিয়মতান্ত্রিক কর্মকান্ড দৃষ্টি গোচর হলে জেলা বিএনপিকে অবহিত করার জন্য আহবান জানানো হয়।
এছাড়া, সাংগঠনিক নির্দেশনা অমান্য করে যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী উক্তরূপ কর্মকান্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














