গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের জন্য বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হবে: শারমীন মুরশিদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৬ ১৬:২৪:২৪
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হবে। শহিদ পরিবারের সদস্যদের কল্যাণে, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে, সন্তানদের শিক্ষা সহায়তায় এবং আহতদের জন্য বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হবে।
গতকাল শনিবার ঢাকায় মোবাশ্বের হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে গৃহীত দীর্ঘমেয়াদী বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শারমীন এস মুরশিদ বলেন, জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করতে এককালীন অনুদান এবং সঞ্চয়পত্রের মাধ্যমে সহায়তা করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গণ-অভ্যুত্থানে লড়াকু একজন নারীকেও তালিকা থেকে বাদ দেওয়া হবে না।
উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা তৈরি করা কঠিন হলেও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের মাধ্যেমে জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও আহত এবং শহিদ পরিবারের সহায়তায় একসাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। তিনি গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের পুনর্বাসনে সমন্বিত কর্মপন্থার মাধ্যমে এক ছাতার নিচে ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংস্থার সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ফারহানা শারমিন ইমুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডাঃ সায়েদুর রহমান, জুলাই শহিদ তাহির জামান প্রিয়’র মা সামসি জামান আরা কলি, জুলাই যোদ্ধা উমামা ফাতেমা ও ফাউন্ডেশনের আহবায়ক প্রকৌশলী আবদুল আউয়ালসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














