“আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতায় আবেদন আহ্বান

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৭-০৬ ১৬:৫১:৫৩


জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্থানীয় সরকার বিভাগ দেশের সকল জেলায় তরুণদের অংশগ্রহণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা ১০ জুলাই ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে (অনলাইনে/ইমেইলে) আবেদন করতে পারবেন।

এতে আরও বলা হয়, ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণরা এতে অংশ নিতে পারবেন। দলীয়ভাবে যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রস্তাবিত আইডিয়ার মধ্যে রয়েছে—দেয়ালচিত্র, পথনাটক, প্রদর্শনী, প্রামাণ্যচিত্র, জনসচেতনতা কার্যক্রম, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম, উদ্যোক্তা মেলা, স্থানীয় শিল্প প্রদর্শনী, স্কিল কম্পিটিশন, বর্জ্যশূন্য অভিযান, গ্রিন ও ক্লিন স্কুল কর্মসূচি—এবং জুলাই অভ্যুত্থানবিষয়ক যেকোনো নতুন ধারণা।

২০২৪-এর জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় বাস্তবতায় উপযোগী এবং বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী আইডিয়া আহ্বান করা হবে, যার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম সরাসরি গণ-অভ্যুত্থান স্মরণে সম্পৃক্ত হতে পারবে। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় পর্যায়ে জেলা পরিষদ দ্বারা বাস্তবায়নের মাধ্যমে এ ঐতিহাসিক ঘটনার তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট www.lgd.gov.bd-এ পাওয়া যাবে।

বিএইচ