শহীদদের কোনো দলের কর্মী বানাতে চাই না: ডা. জাহিদ

প্রকাশ: ২০২৫-০৭-০৮ ২০:১১:২৩


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পুনর্বাসনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এই দায়িত্ব সবার। শহীদদের কোনোভাবেই কোনো দলের দলীয় কর্মী বানাতে চাই না।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের মুক্তমঞ্চে জাসাস উত্তরা পশ্চিম থানার কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ সময় বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, শুধু ঐক্যের কথা মুখে বললেই হবে না। কোনো অবস্থাতেই বিভাজন সৃষ্টি করা যাবে না। যারা গত ১৬ বছর লুটপাট করেছে, অধিকার হরণ করেছে। তারা কেউ হারিয়ে যায় নাই, আপনার আমার আশপাশেই আছে, ওঁৎ পেতে আছে। তাদের বিভাজন করার সুযোগ দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ থাকলেই আপনি আমি ভালো থাকব।

কথায় কথায় বিএনপির সমালোচনা করা হয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিহিংসাপরায়ণ হয়েন না। অনেক নেতার কথা শুনলে মনে হয়, আয়নায় চেহারা দেখবেন এবং সেই অনুযায়ী কথা বলার চেষ্টা করবেন। কী চান সেটা বলবেন না, খালি বলেন জনগণ চায়।

ডা. জাহিদ দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন, তা করে দ্রুত নির্বাচন দেন, জনগণকে জনগণের অধিকার ফিরিয়ে দিন।

তিনি আরও বলেন, যদি মব দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটি তো হয় না। সাংবাদিকরা লিখলে তাদের থামিয়ে আবার বলবেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, এটি তো কোনো সভ্য রাজনৈতিক কথা নয়।

বিএইচ