জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সব জেলায় প্রতীকী ম্যারাথন শুক্রবার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৭ ১৮:৫৭:৪৪
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার দেশের সকল জেলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে। যার অগ্রভাগে থাকবেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা।
এ উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ এবং হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিকেল সাড়ে ৫টা থেকে আয়োজন করা হবে বিশেষ ট্র্যাশন শো। সেখানে পরিবেশিত হবে জুলাই আন্দোলনের অনুপ্রেরণামূলক বার্তা ও সাংস্কৃতিক উপস্থাপনা।
এছাড়াও গণঅভ্যুত্থান স্মরণে এদিন দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে আয়োজন করবে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান। এসব আয়োজনে প্রদর্শিত হবে ‘টিচার্স ইন জুলাই’ এবং ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ শীর্ষক চলচ্চিত্র।
হাতিরঝিলে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে পরিবেশিত হবে ‘জুলাইয়ের গান’। পাশাপাশি প্রদর্শিত হবে দুটি চলচ্চিত্র—‘আবরার ফাহাদ’ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’। রাতের আয়োজনে ড্রোন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা।
এদিকে ১৮ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘আওয়াজ উডা’। এ ভিডিওটিকে ১৮ জুলাই রিমেম্বারেন্স নামে শেয়ার করা হবে।
ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী একইদিন প্রচারিত হবে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির চতুর্থ পর্ব এবং একজন ‘জুলাই যোদ্ধা’র স্মৃতিচারণমূলক ভিডিও।
পুরো অনুষ্ঠানমালা সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














