সোহরাওয়ার্দীতে জামায়াতের ইতিহাস গড়ার দিন আজ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৯ ১৩:১৭:৪৩


বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মৃতিবহ সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো এককভাবে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দিনটিকে ঘিরে দলটির নেতাকর্মীরা বলছেন—‘আজ ইতিহাস গড়ার দিন।’

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে ‘জাতীয় সমাবেশ’। দীর্ঘদিন পর এমন বড় পরিসরে রাজধানীতে কোনো কর্মসূচি করছে জামায়াত। ৭ দফা দাবিতে আয়োজিত এই সমাবেশকে ঘিরে দলটি ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালিয়েছে।

জামায়াতের নেতারা জানিয়েছেন, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করাটা তাদের জন্য ঐতিহাসিক। এতদিন নানা বাধা-বিপত্তির কারণে তারা কখনোই এই ঐতিহ্যবাহী মঞ্চে এককভাবে কোনো কর্মসূচি করতে পারেনি। অবশেষে সেই সুযোগ পেয়েই বড় আকারের সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তা ও সাংগঠনিক সক্ষমতা তুলে ধরতে চায় দলটি।

শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সকাল ১০টার মধ্যেই উদ্যানের অভ্যন্তর ও বাইরের এলাকাজুড়ে ব্যাপক ভিড় তৈরি হয়। সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে ৩৩টি এলইডি ডিসপ্লে, ৩০০’র বেশি মাইক ও পর্যাপ্ত লাইটিং। চিকিৎসাসেবা দিতে স্থাপন করা হয়েছে ১৫টি মেডিকেল বুথ এবং পানির ব্যবস্থা রাখা হয়েছে কয়েক হাজার বোতলের।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। মঞ্চে থাকবেন কেন্দ্রীয় নেতারা, জুলাই শহীদদের পরিবারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অন্যান্য দলের নেতারাও। বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এই সমাবেশে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

দলটির ৭ দফা দাবির মধ্যে রয়েছে—সব গণহত্যার বিচার, প্রবাসীদের ভোটাধিকার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, এবং সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা।

জামায়াতের নেতারা বলছেন, আজকের সমাবেশ আমাদের নতুন রাজনৈতিক যাত্রার সূচনা।

এম জি