মুজিববাদকে পাশে রেখে বাংলাদেশপন্থা সম্ভব নয়: সারজিস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৯ ১৭:৪৬:১৯
মুজিববাদী আদর্শের ভিত্তিতে রচিত ১৯৭২ সালের সংবিধানকে পাশ কাটিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মুজিববাদী সংবিধান রেখে কোনোদিন বাংলাদেশপন্থি বাংলাদেশ সম্ভব নয়। নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সারজিস অভিযোগ করে বলেন, এক জুলাই পেরিয়ে আরেক জুলাইয়ে এসেছি, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। গোপালগঞ্জে এখনও মুজিববাদীরা ঘাঁটি গেড়ে আছে। তারা দেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। মুজিববাদ একটি আদর্শ, যা কেবল আইন দিয়ে মোকাবিলা করা যাবে না—এর বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মতভেদ থাকতে পারে, কিন্তু মুজিববাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে বাংলাদেশপন্থি ছাড়া অন্য কোনো মতবাদপন্থি বা দেশবিরোধী শক্তির জায়গা থাকবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে তিনি বলেন, আমরা তাদের কাছ থেকে সুশীল ভূমিকা প্রত্যাশা করি না। আমরা চাই তারা অভ্যুত্থান-পরবর্তী সরকারের মতো দায়িত্ব পালন করুক।
তিনি দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে শেখ হাসিনাকে খুনি হিসেবে বিচার করতে হবে এবং সেই রায় কার্যকর হতে হবে।
এসময় বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগকে কোনো দলের হাতিয়ার কিংবা বাহিনীকে কারও তোষামোদকারী হিসেবে দেখতে চাই না।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














