আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকা সহায়তা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২২ ১৫:৪৪:২৩
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২২ জুলাই) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য নিশ্চিত করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।
একই সঙ্গে তিনি আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান। পরে মহান আল্লাহর কাছে আহতদের পাশে এগিয়ে আসার তাওফিক কামনা করে লেখেন, আল্লাহ তায়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।
উল্লেখ্য, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার (২১ জুলাই) দুপুরে হঠাৎ আছড়ে পড়ে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামের বিমানটি। দোতলা ভবনের নিচতলায় আঘাত লেগে মুহূর্তেই যুদ্ধবিমানের ট্যাংক বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীরা।
পরে হতাহতদের নিয়ে হাসপাতালে ছুটে একের পর এক অ্যাম্বুলেন্স। এ ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু শিক্ষার্থী।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














