বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জামায়াতের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৩ ১৪:২৯:৫৬


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৩ জুলাই) সকালে দিয়াবাড়ীর নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে আমীরে জামায়াত। এখনো যেসব শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছে তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি জোর আবেদন জানান নায়েবে আমির।

উল্লেখ্য, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার (২১ জুলাই) দুপুরে হঠাৎ আছড়ে পড়ে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামের বিমানটি। দোতলা ভবনের নিচতলায় আঘাত লেগে মুহূর্তেই যুদ্ধবিমানের ট্যাংক বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীরা।

পরে হতাহতদের নিয়ে হাসপাতালে ছুটে একের পর এক অ্যাম্বুলেন্স। এ ঘটনায় আজ বুধবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু শিক্ষার্থী।

বিএইচ