১৫ বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৬ ১৪:০৯:৪২


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। জবাবদিহিতা না থাকায় লুটপাট হয়েছে চরমভাবে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে, পাশাপাশি সবক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে।

তিনি বলেন, বিলম্ব না করে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে হবে। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই যৌক্তিকভাবে নির্বাচন চায়।

বর্তমান রাষ্ট্র কাঠামো এবং অর্থনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তবে সেটি একদিনে সম্ভব নয়, এর জন্য সময় দরকার।

পিআর পদ্ধতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ পিআর কী, তা জানে না। এ দেশের মানুষ চায় তাদের একজন নেতা হবে, যাকে তারা কাছে পাবে। পিআর পদ্ধতিতে সেটা কোনোভাবেই সম্ভব নয়।

ট্রাম্পের ট্যারিফের সম্ভাব্য প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এটি আমাদের বিপদে ফেলতে পারে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষভাবে আলোচনা করা জরুরি।

বিএইচ