সংস্কার প্রশ্নে ঐকমত্যকে ইতিবাচক দেখছে বিএনপি: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৯ ১৭:০৬:২০
সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ১২টি বিষয়ে ঐকমত্যকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, রাজনৈতিক সংস্কারের পথিকৃৎ হিসেবে বিএনপিই প্রথম থেকে এই ধারা শুরু করেছিল।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমি আজকে পত্রিকায় দেখলাম ১২টি মৌলিক বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। এটা অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। আমি ধন্যবাদ জানাই জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড. আলী রীয়াজ ও তার টিমকে।
তিনি দাবি করেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের সূচনা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই। তিনি বলেন, “জিয়াউর রহমান একদলীয় বাকশাল থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছিলেন বহুদলীয় গণতন্ত্রে। বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতির ভিত্তি রচনাসহ সকল রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার শুরু হয় তার হাত ধরে।”
এ সময় তিনি খালেদা জিয়ার শাসনামলের সংস্কারমূলক পদক্ষেপগুলোও তুলে ধরেন। প্রেসিডেনশিয়াল থেকে পার্লামেন্টারি শাসনব্যবস্থা, কেয়ারটেকার সরকার প্রবর্তনসহ বিভিন্ন উদ্যোগ গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করেছে বলে জানান তিনি।
পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, মানুষ এখনো ইভিএম ঠিকমতো বোঝে না। তারা পিআর পদ্ধতি কী তা কীভাবে বুঝবে? আমাদের বাস্তবতায় এই ধরনের পদ্ধতির প্রয়োগ কার্যকর হবে না।
তিনি অভিযোগ করেন, দুই-একটি রাজনৈতিক দল এই পদ্ধতি না হলে নির্বাচনে যাবে না বলে পণ করেছে। অথচ বাস্তবতা হলো, এই চিন্তাধারার সঙ্গে দেশের জনগণ পরিচিত নয়।
শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমি সরিয়ে ফেলার প্রক্রিয়ার বিরোধিতা করে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি শিশুদের বিকাশে অবদান রেখে চলেছে। এটি সরিয়ে নেওয়া হলে তা হবে শিশুদের ভবিষ্যতের ওপর আঘাত।
বিএনপি মহাসচিব বলেন, “সংস্কার তো বিএনপিরই, আমরা সংস্কারকে ভয় পাই না বরং স্বাগত জানাই।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, তাহসিনা রুশদীর লুনা, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














