সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা, নিরাপত্তা জোরদার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-০৭ ১১:৫৩:২৬
ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ১ নম্বর ভবনে এটাই হবে প্রথম কোনো সরকারপ্রধানের বৈঠক।
এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছিল সচিবালয়ের ছয় নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের পুরোনো সভাকক্ষে। এবার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নিজস্ব ভবনে বৈঠক হতে যাচ্ছে। এ ভবনটি সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত।
প্রধান উপদেষ্টার সচিবালয়ে প্রবেশ উপলক্ষে সচিবালায় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর পর থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হতো। সরকার পতনের দিন ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর এটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তরের পর থেকে নিয়মিতভাবে সেখানেই উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














