৫ আগস্টের পর অনেকেই লোভে পড়ে গেছেন: এ্যানি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-১১ ১৬:২১:১৪
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর অনেকে নিজেদের স্বার্থের লোভে পড়ে গেছেন। টেন্ডার- ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে পার পাওয়ার চেষ্টা করা দুরাশা মাত্র। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার মতো। জনগণের প্রত্যাশা পূরণের জন্য একটি নির্বাচিত সরকার ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন।
সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থানে তরুণদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যুব সংহতির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
এ্যানি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল বলা যায় কি না, তা নিয়ে সন্দেহ আছে। তারা দেশে দুর্নীতি ও দুঃশাসন চালিয়ে মানুষকে নিঃশেষ করে দিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ক্ষমতা ও দুর্নীতি, গণতন্ত্র নয়।
তিনি বলেন, মানুষের কোনো কিছু রিসিভ করার প্রবণতা কমে যাচ্ছে। ১৭ বছরের অত্যাচার গুম-খুন থেকে ইচ্ছে করলেই আমরা বের হতে পারছি না। যারা অকারণে রাজনীতি করে, তারা এটাকেই রাজনীতি বলে মনে করছে। তবে এটা আমাদের রাজনীতি নয়। ১৭ বছরে কতটা নির্যাতনের শিকার হয়েছি, তা ৩৬ দিনের জার্নি বুঝিয়ে দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন করা জরুরি।
বিএনপির এই নেতা বলেন, নতুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ দেওয়া উচিত। এই সরকার কতটা সংস্কার করতে পারবে, তা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা উচিত। কিন্তু তারা তা করছে না।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














