খালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য: বুলু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-২৪ ২০:০৯:০০
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, গ্রাম-বাংলার মা-বোনদের সাংস্কৃতিক ও সামাজিক বিবর্তনে খালেদা জিয়ার ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি নোবেল পাওয়ার যোগ্য।
রোববার (২৪ আগস্ট) কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালে ক্ষমতায় এসে মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন। আজ যে পরিবারে মা শিক্ষিত, সেই পরিবারে সন্তানও শিক্ষিত। তার এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রামীণ নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বুলু আরও বলেন, ‘১৯৯০ সালের গণঅভ্যুত্থান খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ফলেই সম্ভব হয়েছে। তখন সেনাবাহিনী চাইলে ক্ষমতা নিয়ে নিতে পারত, কিন্তু তারা নেয়নি। কারণ আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। এরপর ১৯৯১ সালের অবাধ নির্বাচনে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুদানেই আওয়ামী লীগ পুনর্গঠিত হয়েছে দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের দল নয়, এটি মওলানা ভাসানীর দল। শেখ মুজিব বাকশাল গঠন করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন। পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসে নতুন দল গঠনের অনুমতি দেন। এরপর আব্দুল মালেক উকিল আওয়ামী লীগ পুনর্গঠনের অনুমতি চান। যদি সেদিন প্রেসিডেন্ট জিয়া অনুমতি না দিতেন, তাহলে আজ বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না।’
আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘দেশি-বিদেশি অনেক শক্তিই বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে। ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশ আজ সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই দেশ রক্ষায় বিএনপির বিকল্প নেই। আমরা উগ্র রাজনীতিতে বিশ্বাস করি না। যারা মুক্তিযুদ্ধ বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করে না, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।’
এসময় বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস বুড়িচং উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএম মিজানুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন কবির হোসেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














