মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-৩১ ২১:৫১:৪০


প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরাও তা বিশ্বাস করি।

রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ ও প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে।

জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান বিএনপি মহাসচিব।

বৈঠকে নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ ও প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের আশঙ্কা নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্যে একটি চক্রান্ত কাজ করছে। তবে আশঙ্কা করার কারণ নেই। নির্বাচন কমিশন যে সিডিউল ঘোষণা করেছে, সেই সময়ই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা আমাদের সে কথাই বলেছেন।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশের সবচেয়ে বড় দলের সঙ্গে কথা বলবেন এটি তার এখতিয়ারে রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং গোটা দেশবাসী আশ্বস্ত হয়েছে।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রিসেন্টলি যে ঘটনা ঘটেছে, আমাদের রাজনৈতিক নেতা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যে আক্রমণ হয়েছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের মতামত নিয়েছেন।’

বিএইচ