জাতীয় পার্টির কার্যালয়ে হামলা গণতন্ত্র পরিপন্থি: বিএনপি
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৬ ১৫:৫৩:৫০
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পার্টির কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনা জুলাই গণ-অভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশায় জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থি।
বিবৃতিতে বিএনপি উল্লেখ করে, কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে কি না, তা নির্ভর করে জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর। হামলা চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
রিজভী বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়া স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য।
তিনি আরও বলেন, হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে ভয়-ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে বন্ধ করা গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে অসংগতিপূর্ণ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














