সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিলের রায় শুনানি দিন পরিবর্তন
আপডেট: ২০১৭-০৩-০৭ ১৭:৩৭:৪৪
সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানি আগামী ৮ মে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার থেকে ৮ মে পর্যন্ত এ আপিলের শুনানি মুলতবি করেছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস.কে.) সিনহার নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ।
রিটকারীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান জানান, আজ মঙ্গলবার আপিল বিভাগে রিটকারী ও রাষ্ট্রপক্ষের বক্তব্যের শুনানি হওয়ার কথা ছিল। তবে ‘গুরুত্বপূর্ণ মামলা’ হাতে থাকার কথা জানিয়ে প্রস্তুতির জন্য সময়ের আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পরিপ্রেক্ষিতে আগামী ৮ মে এ আপিলের শুনানির জন্য দিন ধার্য করে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে ৭ বিচারকের আপিল বেঞ্চ।
আদালত সূত্রে জানা গেছে, আগামী ৮ মে বেলা সাড়ে ১১টার দিকে আপিলের শুনানি হবে। এ মামলার শুনানিতে ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীর কাছ থেকে আইনি ব্যাখ্যা ও তাদের মতামত শুনবে সর্বোচ্চ আদালত। গত ৮ ফেব্রুয়ারি অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে ওই ১২ জন আইনজীবীর নাম ঘোষণা করেছিলেন প্রধান বিচারপতি।
১২ জন অ্যামিকাস কিউরি হলেন টি এইচ খান, ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার শফিক আহমেদ, আবদুল ওয়াদুদ ভুইয়া, ফিদা এম. কামাল, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ.এফ. হাসান আরিফ, এ.জে. মোহাম্মদ আলী, আজমালুল হোসেন কিউসি এবং এম.আই. ফারুকী।
আগামী ৮ মে এর আগে অ্যামিকাস কিউরিদের লিখিত বক্তব্য দাখিল করতে বলেছে আদালত। একইসঙ্গে বক্তব্যের অনুলিপি সংশ্লিষ্টদের সরবরাহ করতে বলা হয়েছে।প্রসঙ্গত, বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।
সানবিডি/ঢাকা/মেহেদী/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














