কর কমিশনার তাহের খুনে পাঁচজনের ফাঁসি
প্রকাশ: ২০১৭-০৩-০৮ ১৩:২৪:৫৯
রাজধানীর রামপুরা থানা এলাকায় কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে ঢাকার একটি ট্রাইব্যুনাল। এছাড়া দুই নারীসহ চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরকার এই রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নাসির, রাসেল, রুস্তম, সোহেল রানা ও আমির। এছাড়া আসামি নূর আলম ও মাসুদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
অন্য দুই নারী আসামি সেলিনা ও নূরজাহানকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১ মার্চ রাত ১২টার দিকে পূর্ব রামপুরার ৩৪৭ নম্বরের নিজ বাসায় রাতের খাবার খেয়ে স্ত্রী রোকেয়া তাহেরকে নিয়ে ঘুমিয়ে পড়েন আবু তাহের। পরে বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের গ্রিল কেটে আসামিরা ঘরে প্রবেশ করেন। আবু তাহের ও তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পাঁ বেঁধে ফেলেন তারা। এরপর দুর্বৃত্তরা নিহতের স্ত্রীর কাছ থেকে আলমারির চাবি নিয়ে সেখান থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নেয়। যাওয়ার সময় তারা আবু তাহেরের কবজির রগ কেটে দেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহতের ছোট ছেলে এটিএম আরিফুল হক বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৬ জানুয়ারি ডিবির উপপরিদর্শক (এসআই) শরীফ রফিকুল ইসলাম নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














