জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে: আমীর খসরু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-১৫ ১৫:৩৪:৫৫


জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে খসরু মাহমুদ বলেন, ‘নাগরিকদের মধ্যে বিভেদের কোনো সুযোগ নেই। বিভেদ থাকলে সেটি সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন হবে।’

তিনি বলেন, আগামীর বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য কাজ করবে বিএনপি।

এ জন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যার যেখানে বিনিয়োগ প্রয়োজন, সরকারকে তা করতে হবে।

আমীর খসরু বলেন, ‘রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময়। প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে। জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে।’

তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না।

বিএইচ